কুমিল্লার দেবিদ্বারে সিএনজি চালককে হত্যার হুমকি ও হামলার অভিযোগ

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৩৪ পিএম

কুমিল্লার দেবিদ্বারে সিএনজি চালককে হত্যার হুমকি ও হামলার অভিযোগ

ফাইল ফটো

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহাম্মদপুর এলাকায় এক সিএনজি অটোরিকশাচালককে হত্যার হুমকি, মারধর ও হামলার চেষ্টার অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই চালক ও তার পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তার দাবিতে দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।

অভিযোগকারী সিএনজি চালক মো. ফরহাদ হোসেন মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। তার দাবি, একটি মিথ্যা অভিযোগকে কেন্দ্র করে প্রথমে তাকে ফোনে গালাগাল ও ভয়ভীতি দেখানো হয়। পরে তাকে সুযোগ বুঝে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে ফরহাদ দেবিদ্বার উপজেলার বানিয়াপাড়া এলাকার ভাড়া বাসায় ছিলেন। ওই সময় মোহাম্মদপুর পূর্বপাড়ার অলি নামে এক ব্যক্তি তাকে ফোন করে তার বাবাকে গালমন্দ করার অভিযোগ তোলেন। তবে ফরহাদ এ অভিযোগ অস্বীকার করে জানান, তিনি ওই ব্যক্তির বাবাকে কোনো ধরনের গালমন্দ করেননি।

ফরহাদের অভিযোগ, ওই ঘটনার পর থেকেই তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া শুরু হয়। পরদিন ৫ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১২টার দিকে মোহাম্মদপুর মাদ্রাসা মার্কেট এলাকায় সিএনজি অটোরিকশা নিয়ে গেলে অলি ও সাকিবসহ কয়েকজন তার গতিরোধ করেন। এ সময় তাকে মারধর ও হামলার চেষ্টা করা হয়।

ফরহাদের দাবি, একপর্যায়ে ঘটনাস্থলে ২০ থেকে ২৫ জন যুবক জড়ো হন। তাদের কয়েকজনের হাতে ছুরি, ছেনি, রামদা, কিরিচ, পাইপ, লোহার রড ও রিকশার চেইনসহ বিভিন্ন অস্ত্র ছিল। তারা তাকে ঘিরে ধরে হামলার চেষ্টা চালালে তিনি দ্রুত সিএনজি নিয়ে ঘটনাস্থল থেকে সরে গিয়ে নিজেকে রক্ষা করেন।

ফরহাদ হোসেন বলেন, “আমি কোনো অপরাধ করিনি। মিথ্যা অভিযোগ তুলে আমাকে ডেকে নিয়ে হামলার চেষ্টা করা হয়েছে। এখনো ফোনে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছি।”

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় ফরহাদ দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তিনি দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ করেন। ফরহাদের চাচা মো. ফয়েজ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, মোহাম্মদপুর এলাকায় কিছু কিশোর ও তরুণের বেপরোয়া চলাফেরা, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। সিএনজি অটোরিকশাচালকদের একটি অংশও এসব ঘটনায় আতঙ্কে রয়েছেন। এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, “অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সিয়াম সরিষা
Link copied!