মিরসরাইয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আতঙ্কিত এলাকাবাসী

নুর হোসেন মিয়া , মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:০২ পিএম

মিরসরাইয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আতঙ্কিত এলাকাবাসী

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগের প্রকোপ। গত ৪৫ দিনের ব্যবধানে উপজেলায় মোট ২০ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে কেবল চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৫ দিনেই আক্রান্ত হয়েছেন ১০ জন। হঠাৎ ডেঙ্গুর বিস্তার এভাবে বেড়ে যাওয়ায় স্থানীয় জনমনে তীব্র আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, গত আগস্ট মাসে ডেঙ্গুর উপসর্গ নিয়ে আসা ১২ জনের মধ্যে ১০ জনের রিপোর্ট পজিটিভ আসে। এরপর সেপ্টেম্বরের শুরু থেকেই সংক্রমণের গতি আরও তীব্র হয়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

বর্ষা মৌসুমে টানা বৃষ্টিপাতের কারণে বিভিন্ন স্থানে পানি জমে থাকায় এডিস মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মশার এই লাগামহীন বংশবৃদ্ধি রোধ করা না গেলে আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

ডেঙ্গু প্রতিরোধে কেবল চিকিৎসার ওপর নির্ভর না করে মশা নিধনে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন চিকিৎসকরা। বিশেষ করে বসতবাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, ড্রাম ও ফুলের টবে জমে থাকা পানি দ্রুত অপসারণের পরামর্শ দেওয়া হচ্ছে।

এ বিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিন জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যক্তিগত ও পারিবারিক সচেতনতা সবচেয়ে বড় ভূমিকা রাখে। জ্বর বা শরীরে ডেঙ্গুর যেকোনো লক্ষণ দেখা দিলে কোনোভাবেই অবহেলা করা যাবে না। অনতিবিলম্বে নিকটস্থ হাসপাতালে গিয়ে ডেঙ্গু পরীক্ষা করানো এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।

Link copied!