মাদকসেবীদের অভয়ারণ্যে পরিণত দোহাজারী রেলওয়ে স্টেশন

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০২:০৬ পিএম

মাদকসেবীদের অভয়ারণ্যে পরিণত দোহাজারী রেলওয়ে স্টেশন

ইয়াছিন ইসলাম হৃদয় ,চন্দনাইশ : দক্ষিণ চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র ও ঐতিহাসিক দোহাজারী রেলওয়ে স্টেশন এখন মাদকসেবীদের নিরাপদ স্থানে পরিণত হয়েছে। স্টেশন চত্বর ও এর আশপাশ এলাকায় মাদকসেবীদের অবাধ বিচরণ এবং নিয়মিত মাদকের আড্ডায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় যাত্রী ও সাধারণ মানুষ। দোহাজারী স্টেশন এলাকায় সন্ধ্যার পর থেকে বিভিন্ন বয়সের মাদকসেবীদের আনাগোনা বহুগুণ বেড়ে যায়। স্টেশনের প্ল্যাটফর্ম ও অন্ধকারাচ্ছন্ন অংশগুলোতে নিয়মিত বসে মাদকের আসর। অথচ এই গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার কথা থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত তদারকির অভাবে অপরাধপ্রবণতা দিন দিন বেড়েই চলেছে।

এ বিষয়ে দায়িত্বে থাকা পয়েন্টসম্যানদের সাথে কথা বলে জানা যায়, তারা নিজ দায়িত্বে প্রায় সময়ই মাদকসেবীদের ধাওয়া করেন এবং স্টেশন এলাকা থেকে তাড়িয়ে দেন। তবে ফাঁকা স্থানের সুযোগ নিয়ে মাদকসেবীরা পালিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আবার স্টেশনে ফিরে আসে এবং আগের মতোই মাদক সেবন অব্যাহত রাখে। স্থানীয় সচেতন মহলের দাবি, বিচ্ছিন্নভাবে কিছু পদক্ষেপ নেওয়া হলেও এই সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না।

রেলওয়ে স্টেশনের মতো একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে এমন অরাজকতা চলতে থাকলে যাত্রীদের নিরাপত্তা যেমন বিঘ্নিত হবে, তেমনি সামাজিক পরিবেশও নষ্ট হবে। অতিদ্রুত দোহাজারী রেলওয়ে স্টেশন এলাকায় নিয়মিত পুলিশি টহল জোরদার এবং স্থায়ীভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও যাত্রীরা।

Link copied!