কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫১ কেজি গাঁজা ও ১ হাজার ৩৪৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা পুলিশ। একই অভিযানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীসহ বিভিন্ন মামলায় মোট ৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের দিকনির্দেশনায় গত ২৪ ঘণ্টায় জেলার সব থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের উদ্যোগে মাদকের বিরুদ্ধে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে জেলার বিভিন্ন এলাকায় একযোগে মোট ৫৫টি মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১ হাজার ৩৪৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫১ কেজি গাঁজা। এসব ঘটনায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ১৬ জন এবং মাদক সেবনের অভিযোগে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলায় আরও ৪২ জনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে ২৪ ঘণ্টার অভিযানে সর্বমোট ৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা, মোবাইল কোর্ট এবং বিজ্ঞ বিচারিক আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলার ধরন ও অপরাধের মাত্রা অনুযায়ী সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। কুমিল্লা জেলা পুলিশ জানায়, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকের বিস্তার রোধে জনসচেতনতা তৈরিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানই যথেষ্ট নয়। মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনসহ সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
কুমিল্লা জেলা পুলিশ আরও জানিয়েছে, মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। মাদকবিরোধী এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালনা করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছে কুমিল্লা জেলা পুলিশ।

আপনার মতামত লিখুন :