ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১০ মাদকসেবী গ্রেপ্তার

মোঃ রেজাউল হক শাকিল , ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩৬ পিএম

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১০ মাদকসেবী গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশ দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ১০ জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে। সোমবার উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন, মো. রফিকুল ইসলাম, মো. মাহতাব হোসাইন, মো. শামীম হোসেন এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) নুর-আল আহসান, লিংকন কুমার নাথ ও মো. সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বুড়িচং উপজেলার বারেশ্বর এলাকার মো. ফরহাদ (১৯) ও মো. হোসাইন (২০); ব্রাহ্মণপাড়া উপজেলার বাটেরা এলাকার মো. মামুন (৪৫), পূর্বপাড়ার মো. হেলাল (৩৫), ধানদৌল এলাকার মো. সিরাজুল ইসলাম (৪৫), দুলালপুর এলাকার জোবায়ের সরকার (২২) ও সিদলাই এলাকার জনি (২২); এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গুরা এলাকার মো. রাসেল মিয়া (২৭), মো. সজিব (২৩) ও মো. শাহীন (২৪)।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদক সেবনের অপরাধে গ্রেপ্তার ব্যক্তিদের সামারি ট্রায়ালের (সংক্ষিপ্ত বিচার) জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সিয়াম সরিষা
Link copied!