ভাটিয়ারি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপণ মহড়া, শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ

06 মো: সাইফুদ্দিন চৌধুরী জুয়েল , উপ-সম্পাদক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২৮ পিএম

ভাটিয়ারি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপণ মহড়া, শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ

ফাইল ফটো


অগ্নিকাণ্ড প্রতিরোধ, জরুরি উদ্ধার কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভাটিয়ারি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘মৌলিক প্রশিক্ষণ ও অগ্নি নির্বাপণ মহড়া-২০২৬’। সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) কলেজের সবুজ মাঠে আয়োজিত এ মহড়ায় ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নি দুর্ঘটনার সময় করণীয়, আগুন নিয়ন্ত্রণের কৌশল ও জরুরি উদ্ধার কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন।

মহড়ায় বিএনসিসি ও রোভার স্কাউটের শিক্ষার্থীরা সরাসরি অংশ নিয়ে আগুন নেভানো, আহত ব্যক্তিকে উদ্ধার এবং প্রাথমিক নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ উপস্থিত থেকে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে ফার্স্ট এইড বক্স ও জরুরি স্থানান্তর ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়।মহড়া শেষে অধ্যক্ষ দায়িত্বপ্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি কুমিরা ফায়ার স্টেশনের সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, “একজন সচেতন মানুষ শুধু নিজের জীবন রক্ষা করে না; তার সচেতনতা অন্যের জীবনও রক্ষা করতে পারে। এ ধরনের বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা শিক্ষাঙ্গনের পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে আকস্মিক অগ্নি দুর্ঘটনা থেকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

 

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় দক্ষতা তৈরির লক্ষ্যেই এ ধরনের প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করা হয়েছে।

Link copied!