জোড্ডা পশ্চিমে মাদকবিরোধী আলোচনা সভা: মাদকসেবী ধরিয়ে দিলে ২ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

রাসেদুল ইসলাম , লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩৫ পিএম

জোড্ডা পশ্চিমে মাদকবিরোধী আলোচনা সভা: মাদকসেবী ধরিয়ে দিলে ২ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দুয়ারিয়া গ্রামে যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথির বক্তব্যে জোড্ডা পশ্চিম ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, প্রমাণসহ কোনো মাদকসেবীকে শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ধরিয়ে দিতে পারলে তার পক্ষ থেকে ২ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

তিনি বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে এলাকার সচেতন নাগরিক ও যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মাদক নির্মূলে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শামসুল কবির ভূঁইয়া, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী মকবুল আহম্মদ, সাংগঠনিক সম্পাদক মো. হারুন, মো. আব্দুস সাত্তার, মো. মিজান, মো. মুন্না ও মো. রাশেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে মাদকবিরোধী কার্যক্রমের সঙ্গে একাত্মতা পোষণ করেন। বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, যুবসমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

Link copied!