কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার ৪৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৪ বোতল বিয়ার উদ্ধার করেছে জেলা পুলিশ। একই অভিযানে মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীসহ মোট ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের দিকনির্দেশনায় ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশের উদ্যোগে ২৪ ঘণ্টাব্যাপী মাদকের বিরুদ্ধে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, মাদক নির্মূলে পরিচালিত এ বিশেষ অভিযানে জেলার বিভিন্ন এলাকায় একযোগে মোট ৪৯টি অভিযান চালানো হয়। এসব অভিযানে মাদক ব্যবসা, সরবরাহ ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযান চলাকালে ১ হাজার ৪৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৪ বোতল বিয়ার উদ্ধার করা হয়। এ সময় ১০ জন মাদক ব্যবসায়ী ও ৪৬ জন মাদকসেবীসহ মোট ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়েরের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত এবং বিচারিক আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং কুমিল্লাকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। এ ক্ষেত্রে পরিবারের সদস্য, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে জেলা পুলিশ এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :