কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মমিন ও পৌরসভা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নুর আহমদকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পেশিশক্তি প্রদর্শন করে সংগঠনের সহযোদ্ধাদের অন্যায়ভাবে রক্তাক্ত করা ও নানা অত্যাচারে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট নাঙ্গলকোটের ঢালুয়ায় উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত সরকারবিরোধী মিছিলে স্থানীয় সংসদ সদস্যের অনুসারী হিসেবে পরিচিত মমিন, নুর ও সুজনের নেতৃত্বে একটি সশস্ত্র দল হামলা চালায়। এতে ছাত্রদল নেতা আমির হামজা মুন্না, মাহফুজুর রহমান, শহিদুল ইসলাম ও ইব্রাহিম খলিলসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।

আপনার মতামত লিখুন :