কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ৯৩ জন গ্রেফতার

আলম চৌধুরী , সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৪৭ পিএম

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ৯৩ জন গ্রেফতার

কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২৭ পিস ইয়াবা, ২৯ কেজি গাঁজা ও ৪ লিটার চোলাইমদ উদ্ধার করেছে জেলা পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন মামলায় মোট ৯৩ জনকে গ্রেফতার করা হয়েছে। কুমিল্লা জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম-এর দিকনির্দেশনায় জেলার সব থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উদ্যোগে মাদকের বিরুদ্ধে ব্যাপক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে পরিচালিত এ অভিযানে জেলার বিভিন্ন এলাকায় একযোগে ৪৫টি বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে ১২৭ পিস ইয়াবা ট্যাবলেট, ২৯ কেজি গাঁজা ও ৪ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ১৬ জন এবং মাদকসেবী ১৫ জনসহ মোট ৩১ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া বিভিন্ন মামলায় আরও ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলা পুলিশের অভিযানে সর্বমোট ৯৩ জন গ্রেফতার হয়েছেন। পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আদালত ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

জেলা পুলিশ আরও জানায়, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ ও মাদকমুক্ত কুমিল্লা গড়ে তোলার লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানই যথেষ্ট নয়। মাদকের বিস্তার রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় সহযোগিতা প্রয়োজন।

মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কুমিল্লা জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে। এক নজরে: ৪৫টি বিশেষ অভিযান, ১২৭ পিস ইয়াবা, ২৯ কেজি গাঁজা, ৪ লিটার চোলাইমদ, মাদক মামলায় ৩১ গ্রেফতার, অন্যান্য মামলায় ৬২ গ্রেফতার, মোট ৯৩ জন গ্রেফতার।

সিয়াম সরিষা
Link copied!