নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ২৯ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী, এক ওয়ারেন্টভুক্ত আসামি, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার এক আসামি, ডাকাতির প্রস্তুতির এক আসামি, দস্যুতা মামলার এক আসামি এবং ১১ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
অভিযান শেষে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, সোনারগাঁয়ে কোনো অপরাধী, মাদক ব্যবসায়ী বা শান্তিশৃঙ্খলা বিনষ্টকারীর ঠাঁই হবে না। জেলা পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী মাদক ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ। এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন: মাদক মামলায় মো. আমিন (২৩); বৈষম্যবিরোধী মামলার আসামি মো. জনি (৩৫); ডাকাতির প্রস্তুতি মামলার আসামি মো. বাপ্পী (২১); দস্যুতা মামলার আসামি মো. দেলোয়ার হোসেন (৩০); ওয়ারেন্টভুক্ত আসামি মো. মনিরুল ইসলাম ওরফে মুন্না (৩০)।
এছাড়া মাদকসেবনের দায়ে গ্রেপ্তার ১১ জন হলেন মো. আমিরুল (২৪), মির্জা ফখরুল (১৮), রোমান মিয়া (৩০), মো. ইলিয়াছ (২৫), মো. নাছির (৩৮), রাশেদুল ইসলাম (২০), হাসান খন্দকার (১৯), ইয়াছিন মিয়া (২৪), আরাফাত (২০), জোবায়ের (২০) ও মাসুম (৩৮)। আইন-শৃঙ্খলা রক্ষা এবং এলাকাকে নিরাপদ রাখতে সোনারগাঁ থানা পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন :