টাঙ্গাইলের সখীপুরে মায়ের ধারালো ছুরির আঘাতে মো. আশরাফুল নামের সাড়ে তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের ৯ বছর বয়সী বোন সিরজাতুন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বড়চওনা ইউনিয়নের খালিয়াড়বাইদ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত আশরাফুল ও আহত সিরজাতুন ওই এলাকার বাসিন্দা মো. শাহীন মিয়ার সন্তান। অভিযুক্ত মায়ের নাম আকলিমা আক্তার।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে আকলিমা আক্তার ঘরে থাকা ধারালো ছুরি দিয়ে নিজের দুই সন্তানকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে শিশু দুটি রক্তাক্ত ও গুরুতর আহত হয়। পরবর্তীতে পরিবারের স্বজনেরা দ্রুত তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাড়ে তিন বছর বয়সী আশরাফুলকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, আহত সিরজাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে। শিশু আশরাফুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত মাকে রশি দিয়ে খুঁটিতে বেঁধে রাখেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :