যশোরের কেশবপুরে নেটজ বাংলাদেশ ও বিএমজেড-এর সহযোগিতায় এবং রিইব-এর আয়োজনে উপজেলা পর্যায়ের সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ‘হোপ’ প্রকল্পের আওতায় নারী ও কিশোরীদের মানবাধিকার সুরক্ষা এবং সামাজিক অংশগ্রহণ জোরদারের আহ্বান জানানো হয়েছে। কেশবপুর নিউজ ক্লাবের হলরুমে আয়োজিত এই সভায় বাংলাদেশে প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার ও সামাজিক অংশগ্রহণ শক্তিশালীকরণ, বিশেষ করে নারী ও কিশোরীদের অধিকার, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী ও শিশু নির্যাতন রোধের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সিএসও কমিটির নেতৃবৃন্দ মাদকসেবন, বাল্যবিবাহ এবং শিশুদের মোবাইল আসক্তির মতো সামাজিক সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসব সমস্যা সমাধানে তথ্য দিয়ে সহযোগিতার আশ্বাস দেন উপস্থিত সদস্যরা। কমিটির সভাপতি মো. হারুনার রশীদ বুলবুল মাদক ও মোবাইল আসক্তির বিষয়ে চিহ্নিত স্থানগুলো নিয়ে থানা প্রশাসনের সঙ্গে মতবিনিময়ের প্রস্তাব করেন। সভাপতির বক্তব্যে মো. হারুনার রশীদ বুলবুল বলেন, নেটজ বাংলাদেশ ও বিএমজেড-এর সহযোগিতায় পরিচালিত ‘হোপ’ প্রকল্প প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং নারী ও কিশোরীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাল্যবিবাহ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।
সভায় সিএসও কমিটির সহ-সভাপতি প্রদীপ কুমার মোদক মানিক বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও মানবাধিকার সচেতনতা বৃদ্ধিতে এ প্রকল্পের কার্যক্রম ইতিবাচক প্রভাব ফেলছে। তৃণমূল পর্যায়ে সামাজিক সচেতনতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এ ধরনের কার্যক্রম অত্যন্ত কার্যকর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিইব কর্মকর্তা হোসনেয়ারা খানুম লাবণী। সভায় সিএসও কমিটির সহ-সভাপতি আকমর হোসেন, প্রদীপ কুমার মোদক মানিক, সাধারণ সম্পাদক শাহনাজ পারভিন, মাসউদ হাসানসহ কমিটির অন্যান্য সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :