কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১০ হাজার ইয়াবা ও ৫১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৭৫

আলম চৌধুরী , সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩০ পিএম

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১০ হাজার ইয়াবা ও ৫১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৭৫

কুমিল্লা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ হাজার ৮৮ পিস ইয়াবা ও ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। একই অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন মামলায় মোট ৭৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম-এর দিকনির্দেশনায় জেলার সব থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মাদকের বিস্তার রোধ এবং মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও সেবনকারীদের আইনের আওতায় আনতে জেলার বিভিন্ন এলাকায় একযোগে মোট ৫৬টি অভিযান চালানো হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ১৩ জন মাদক ব্যবসায়ী ও ৯ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলা ও অন্যান্য অপরাধে আরও ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে ২৪ ঘণ্টার অভিযানে মোট ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা, ভ্রাম্যমাণ আদালত এবং বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরাধের ধরন ও মামলার ভিত্তিতে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, মাদকদ্রব্যের অবৈধ সরবরাহ, বিক্রি ও সেবন বন্ধে জেলার গুরুত্বপূর্ণ স্থান, মাদকপ্রবণ এলাকা, পরিবহনপথ ও সন্দেহভাজন স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা এবং একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পাশাপাশি কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় সহযোগিতা প্রয়োজন। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কুমিল্লা জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সিয়াম সরিষা
Link copied!