ভাটিয়ারি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে ‘মাসিক সমন্বয় সভা–সেপ্টেম্বর ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কলেজ ক্যাম্পাসে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মো. নাসির উদ্দিন মাহমুদ, এইসি। সভায় উপাধ্যক্ষ, কো-অর্ডিনেটর, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
সভায় অধ্যক্ষ প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক সমন্বয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সবার সঙ্গে উন্মুক্ত মতবিনিময় করেন। তিনি উপস্থিত সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিভিন্ন গঠনমূলক পরামর্শ গ্রহণ করেন।
এ সময় অধ্যক্ষ বলেন, “সম্মিলিত প্রচেষ্টাই একটি প্রতিষ্ঠানের অগ্রযাত্রাকে আরও গতিশীল করে তোলে। তাই পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রযাত্রায় নিরলস অবদান রাখায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে নিরলস পরিশ্রম ও প্রশ্নাতীত দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে চতুর্থ শ্রেণির দুই কর্মচারীকে পুরস্কৃত করেন। এ ঘোষণায় উপস্থিত সবার করতালিতে সভাস্থল আনন্দমুখর হয়ে ওঠে।
সভায় পাঠ্যক্রমিক, সহ-পাঠ্যক্রমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি বার্ষিক কর্মপরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। শেষে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন অধ্যক্ষ।

আপনার মতামত লিখুন :