কুমিল্লার চান্দিনা উপজেলার দোল্লাই নোয়াবপুর সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সম্মান শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম, নিয়ম-শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রম ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোল্লাই নোয়াবপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামাল হোসেন মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান জয়ন্তী রাণী সাহা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মো. এনামুল হক সরকার, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. শাহ আলম, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আতিকুল্লাহ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক নার্গিস সুলতানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শিল্পী রাণী শীল। এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, উচ্চশিক্ষার এ পর্যায়ে নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দিতে হবে। নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।
নবাগত শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানটি তাদের কলেজজীবনের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আপনার মতামত লিখুন :