ফটিকছড়ির ধুরুং খাল থেকে অবৈধভাবে উত্তোলন করা ১৩ হাজার ঘনফুট বালু জব্দ

কামাল উদ্দীন চৌধুরী , ফটিকছড়ি, চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:২৩ পিএম

ফটিকছড়ির ধুরুং খাল থেকে অবৈধভাবে উত্তোলন করা ১৩ হাজার ঘনফুট বালু জব্দ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের কাঞ্চুরহাট এলাকায় ধুরুং খাল থেকে অবৈধভাবে উত্তোলন করে মজুত রাখা প্রায় ১৩ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাঞ্চুরহাট এলাকায় এ অভিযান চালানো হয়। ফটিকছড়ি থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ।

অভিযানে ধুরুং খাল থেকে অনুমোদন ছাড়া উত্তোলন করে মজুত রাখা ওই বালু জব্দ করা হয়। জব্দ করা বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। এর আগে গত ১২ সেপ্টেম্বর উপজেলার সর্তা নদীর আন্ধারমানিক ও ফুলতলি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। ওই অভিযানে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় দুই হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়। এ ছাড়া প্রায় ২০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছিল।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ বলেন, নদী ও খাল থেকে অনুমোদন ছাড়া বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিয়াম সরিষা
Link copied!