কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আনোয়ার হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের স্ত্রী মোমেনা বেগম বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এজাহারে অভিযোগ করা হয়, পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভিকটিমের ওপর হামলা চালানো হয় এবং তাকে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।
কুমিল্লা জেলা পুলিশ জানায়, ঘটনার পর থেকেই জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কঠোর অবস্থান নেয়। জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম)-এর প্রত্যক্ষ তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় বাঙ্গরা বাজার থানা পুলিশের একটি বিশেষ দল ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায়, তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারী এজাহারভুক্ত ১৬ নম্বর আসামি মো. পিন্টু মিয়াকে (৪০) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি উত্তর পেন্নই গ্রামের মৃত ধবীর মুন্সীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তার ও ঘটনার মূল রহস্য উদঘাটনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন :