আবদুল্লাহ আল নোমান ,পটিয়া : চট্টগ্রাম ওয়াসা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন পটিয়ার মো. ইদ্রিস মিয়া। আগামী তিন বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-৩ শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’-এর ধারা ৭(১) অনুযায়ী মো. ইদ্রিস মিয়াকে চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছর মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
দায়িত্ব গ্রহণের পর নগরবাসীর জন্য নিরাপদ ও নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং গ্রাহকসেবার মান বাড়ানোর বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন নবনিযুক্ত চেয়ারম্যান। মো. ইদ্রিস মিয়া বলেন, নগরবাসীর প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চট্টগ্রাম ওয়াসার সেবার মানোন্নয়নে কাজ করা হবে। নিরাপদ পানি সরবরাহের সক্ষমতা বৃদ্ধি, পয়ঃনিষ্কাশন অবকাঠামোর উন্নয়ন এবং গ্রাহকদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ে বাস্তবায়ন এবং ওয়াসার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।
নতুন চেয়ারম্যানের কাছে নগরবাসীর প্রত্যাশা, তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চট্টগ্রাম ওয়াসার পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশনসেবা আরও জনবান্ধব করে তুলবেন তিনি।সংশ্লিষ্টদের মতে, চট্টগ্রাম ওয়াসার সামনে পানি সরবরাহের পাশাপাশি পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়ন, গ্রাহকসেবার মানোন্নয়ন ও আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালী করার মতো বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এসব ক্ষেত্রে নতুন চেয়ারম্যানের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তাঁরা।
এদিকে ওয়াসার বকেয়া আদায়েও সাম্প্রতিক সময়ে তৎপরতা বাড়ানো হয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, সাধারণ গ্রাহক ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাছে চট্টগ্রাম ওয়াসার মোট ২৫৮ কোটি ৯৫ লাখ টাকা বকেয়া রয়েছে।

আপনার মতামত লিখুন :