জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে ২৩ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে মেরুরচর ইউনিয়নের টুপকারচর গ্রামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। জব্দকৃত সারগুলো বর্তমানে বকশীগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভ্যানযোগে ইসলামপুর উপজেলায় পাচারের সময় টুপকারচর এলাকায় অভিযান চালান ইউএনও মুরাদ হোসেন। এ সময় ভ্যানসহ ২৩ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন জানান, সারগুলো কোথা থেকে এসেছে তা তদন্ত করে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় কৃষকদের অভিযোগ, ডিলার পয়েন্টে সার নিতে গেলে তাদের নানা ভোগান্তির শিকার হতে হয়। অনেক সময় সার না পেয়েই ফিরতে হয়। কিছু অসাধু ডিলার কৃত্রিম সংকট দেখিয়ে চড়া দামে সার বিক্রি ও পাচারের সঙ্গে জড়িত।
ডিলারদের অনিয়ম ঠেকাতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ অনলাইন অ্যাপের মাধ্যমে সার বিতরণ পদ্ধতি চালু করেছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, অ্যাপের মাধ্যমে সার বিতরণ শুরু হওয়ায় অনিয়মের সুযোগ কমেছে। এখন থেকে একজন কৃষক তার প্রয়োজন অনুযায়ী সার পাবেন এবং বিতরণে কোনো অব্যবস্থাপনা থাকবে না।

আপনার মতামত লিখুন :