গাজীপুরের নতুন ডিসি মোহাম্মদ আলম হোসেন দায়িত্ব গ্রহণ

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৫, ১২:৫৭ পিএম

বামে নবাগত ডিসি মোঃ আলম হোসেন

গাজীপুরের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মোহাম্মদ আলম হোসেন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার সন্ধ্যায় গাজীপুর সার্কিট হাউসে এক অনুষ্ঠানের মাধ্যমে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমদ হোসেনের কাছ থেকে তিনি দায়িত্ব নেন।

দায়িত্ব গ্রহণের পর তিনি জেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা, ইউএনও ও এসিল্যান্ডসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পরিচিত হন।

জনপ্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক নীতি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জনকারী আলম হোসেন স্বচ্ছ, জনবান্ধব ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, গাজীপুরে উন্নয়ন, সুশাসন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও আগামীর জাতীয় নির্বাচনকে নিরপেক্ষ করতে সর্বাত্মকভাবে কাজ করবো।

ইতিমধ্যে গাজীপুরে ৫ দিনের স্বল্প সময়ের ব্যবধানে জেলা প্রশাসকের পরিবর্তন হওয়ায় এটি প্রশাসনে আলোচনার জন্ম দিয়েছে। নাফিসা আরেফিনের বদলি, মো. আজাদ জাহানের নিয়োগ পরিবর্তন—এ ধারাবাহিকতার পর দায়িত্ব পেলেন মোহাম্মদ আলম হোসেন। তার বাড়ি ময়মনসিংহে ও ২০২১ সালে তিনি উপসচিব পদে পদোন্নতি পান।

সার্কিট হাউস প্রাঙ্গণে তাকে স্বাগত জানান অতিরিক্ত জেলা প্রশাসক মুতাচ্ছেম বিল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তারসহ কর্মকর্তারা। নতুন ডিসি সবার সহযোগিতা কামনা করেছেন।

Advertisement

Link copied!