ফরিদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম (পিপিএম) এক মতবিনিময় সভা করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার নজরুল ইসলাম থানায় ঘুষ ও দুর্নীতি শূন্যের কোঠায় নামানোর দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, “সাধারণ মানুষ যেন থানায় কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেই পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করছি।”
তিনি আরও বলেন, অপসাংবাদিকতার কারণে প্রকৃত সাংবাদিক যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও বিশেষ সতর্কতা অবলম্বন করা হবে। সাংবাদিকদের সহযোগিতা আশা প্রকাশ করে তিনি তাদের জন্য করণীয় দিকগুলো তুলে ধরেন।
সভায় অংশগ্রহণকারীরা শহরের যানজট, ফুটপাত দখল, মাদক ও সন্ত্রাস, রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল, অপসাংবাদিকতা, আইনশৃঙ্খলা ও চাঁদাবাজিসহ গুরুত্বপূর্ণ সমস্যাগুলো পুলিশ সুপারের কাছে উপস্থাপন করেন।
উন্মুক্ত আলোচনায় অংশ নেন জেলা প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাংবাদিকরা যেমন—পান্না বালা, নাজিম বকাউল, সঞ্জীব দাস, শেখ মনির হোসেন, এসএম মনিরুজ্জামান, আলিমুজ্জামান রনি, মাসুদুর রহমান তরুণ, বি কে শিকদার সজল, জাহিদ রিপন, শ্রাবণ হাসান প্রমুখ।
পুলিশ সুপার সভায় মাদক, কিশোর অপরাধ, সাইবার অপরাধ, অনলাইন জুয়া প্রতারণা, যানজট নিরসন, অটো চালকদের শৃঙ্খলাবদ্ধ করা, ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন এবং অনলাইনে জিডি গ্রহণসহ বিভিন্ন সেবা দ্রুততর করার পরিকল্পনা তুলে ধরেন।
মতবিনিময় সভায় ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল এবং দৈনিক "প্রতিদিনের কাগজ" ফরিদপুর জেলা প্রতিনিধি এস এ মুরাদসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :