জুলাই গণঅভ্যুত্থান দিবস: ৫ আগস্ট কেশবপুরে নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত

হারুনার রশীদ বুলবুল , কেশবপুর (যশোর) সংবাদদাতা

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ০১:২০ পিএম

জুলাই গণঅভ্যুত্থান দিবস: ৫ আগস্ট কেশবপুরে নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত

যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও গণমানুষের অংশগ্রহণ নিশ্চিত করে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপনের লক্ষ্যে কেশবপুরে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ৫ আগস্ট উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সোমবার (২৭ জুলাই) কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। উপস্থিত সকলের মতামত, পরামর্শ ও আলোচনা পর্যালোচনা করে দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক চেতনা, অধিকার প্রতিষ্ঠা ও জনগণের সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন প্রজন্মের কাছে এর ইতিহাস ও তাৎপর্য তুলে ধরতে হবে। দিবসটি শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং গণমানুষের অংশগ্রহণের মাধ্যমে এর চেতনাকে ধারণ করার একটি সুযোগ। উপজেলা প্রশাসন সকল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপন করবে। তিনি আরও বলেন, দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচিগুলো সফল বাস্তবায়নের জন্য সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। আমরা চাই কেশবপুরে এ আয়োজন একটি অংশগ্রহণমূলক ও স্মরণীয় অনুষ্ঠানে পরিণত হোক।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আব্দুর রাজ্জাক বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকারের সংগ্রামের প্রতীক। এ দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। দলমত নির্বিশেষে সবাইকে এই দিবস পালনে অংশ নিতে হবে, যাতে গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশপ্রেমের চেতনা আরও সুদৃঢ় হয়। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের ইতিহাস জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন কখনো বৃথা যায় না। এ দিবসের মাধ্যমে সেই আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাসকে স্মরণ করা হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস ছামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতের আমীর প্রভাষক মোঃ জাকির হোসেন এবং এনসিপির আহ্বায়ক সম্রাট হোসেন। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় ও দলীয় শহীদদের স্মরণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এসব কর্মসূচিতে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে দিবসটির সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করে প্রস্তুতিমূলক সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সিয়াম সরিষা
Link copied!