রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা তীরবর্তী পদ্মা নদীতে একটি কুমিরের দেখা যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ২৮নং উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পদ্মা নদীতে ভেসে ওঠে কুমিরটি।
নদী তীরবর্তী ওই এলাকায় জনবসতি থাকায় প্রতিদিন শত শত মানুষ নদীতে গোসল করে এবং জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করে। হঠাৎ কুমিরের দেখা মেলায় সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফলে কেউ নদীতে নামতে সাহস পাচ্ছে না। অপরদিকে নদীতে কুমির ভেসে ওঠার খবরে নদীর পাড়ে ভিড় করছেন উৎসুক জনতা।
স্থানীয় সাহাদত হোসেন নামের এক যুবক বলেন, মঙ্গলবার দুপুর ২টার কয়েক মিনিট আগে উড়াকান্দা স্কুল সংলগ্ন নদীর তীরে কুমির ভেসে ওঠে। ওই সময় আমি নিজে কুমিরটি দেখে মোবাইল ফোনে ছবি তুলেছি। তখন সেখানে থাকা অন্যরা চিৎকার করে উঠলে কুমির ডুব দেয়। তখন অনেকে বলেন বেলা ১১টা ও ১২টার দিকে ওখানে তারা কুমিরটি দেখেছে।
তিনি আরও বলেন, এখানে নিয়মিত এই এলাকার শিশুসহ নারী-পুরুষ গোসল করে দৈনন্দিন কাজ করে। সবাই এখন ভয়ে আছি। দ্রুত কুমিরটি ধরে অন্যস্থানে নিয়ে যেতে সরকারকে অনুরোধ করছি।
রাজবাড়ী সামাজিক বনায়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগী ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর সায়েদুর রহমান বলেন, কুমির দেখা যাওয়ার বিষয়টি জেনে ওই স্থানে আমাদের লোক পাঠিয়েছি। আগামীকাল সরেজমিনে গিয়ে জেনে সত্যতা পেলে খুলনা বন্যপ্রাণী ইউনিটকে জানানোর পাশাপাশি যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :