আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে ট্রাক প্রতীকের প্রার্থী ফাহিমের একাত্মতা ঘোষণা

সহিদুল ইসলাম , পটুয়াখালী জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৩৭ পিএম

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-০১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছেন গণঅধিকার পরিষদ (জিওপি) মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম ফাহিম।

রবিবার, ২ ফেব্রুয়ারি পটুয়াখালী সুরাইয়া ভিলায় আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ সমর্থনের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলনে বিএনপি ও গণঅধিকার পরিষদ রাজপথের সহযোদ্ধা হিসেবে একসঙ্গে কাজ করে আসছে। সেই রাজনৈতিক বোঝাপড়ার ধারাবাহিকতায় এবং পটুয়াখালীর উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম ফাহিম বলেন, "নির্বাচনী বিধি অনুযায়ী ব্যালট পেপারে আমার প্রতীক থাকলেও বৃহত্তর স্বার্থে এবং পটুয়াখালী-০১ আসনের মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে ধানের শীষের প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর বিজয় নিশ্চিত করতে আমরা সর্বাত্মকভাবে কাজ করব।"

তিনি আরও বলেন, পটুয়াখালী-০৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের পক্ষে বিএনপির সাংগঠনিক সহযোগিতার প্রতিদান হিসেবেই পটুয়াখালী-০১ আসনে এই ঐক্য গড়ে উঠেছে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সাবেক বিমান বাহিনী প্রধান ও মন্ত্রী হিসেবে আলতাফ হোসেন চৌধুরীর অভিজ্ঞতা এবং পটুয়াখালীর উন্নয়নে তাঁর অবদান এই অঞ্চলের মানুষের কাছে সুপরিচিত। বিএনপি ও গণঅধিকার পরিষদের এই ঐক্য পটুয়াখালী-০১ আসনে একটি শক্তিশালী জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উভয় দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Link copied!