কালিহাতীতে নির্বাচনী নিরাপত্তায় যৌথবাহিনী ও প্রশাসনের মহড়া

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৩৫ পিএম

মনির হোসেন, কালিহাতী: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টাঙ্গাইলের কালিহাতীতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাবের সমন্বয়ে নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলার বেতডোবা ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয় থেকে মহড়াটি শুরু হয়ে কালিহাতী উপজেলা শহরের বাসস্ট্যান্ড হয়ে উপজেলা গেট দিয়ে সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে শেষ হয়।

মহড়ায় ঘাটাইল ১৯ পদাতিক ডিভিশন শহীদ সালাউদ্দিন সেনানিবাসের মেজর ইউসুফ, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সায়েদা খানম লিজা, কালিহাতী থানার অফিসার ইনচার্জ জে ও এম তৌফিক আজম সহ সেনা, পুলিশ, বিজিবি ও র‍্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

ঘাটাইল ১৯ পদাতিক ডিভিশন শহীদ সালাউদ্দিন সেনানিবাসের মেজর ইউসুফ বলেন, অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনী পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে লক্ষ্যে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে। নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম, সহিংসতা বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।

Advertisement

Link copied!