বরিশাল ৬ আসনে ভোটের লড়াইয়ে পিছিয়ে নেই জামায়াতের দাঁড়িপাল্লা

রিয়াজ শরীফ , বরিশাল জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৪৬ পিএম

বরিশাল ৬ (বাকেরগঞ্জ) আসনে ভোট সমীকরণে জামায়াত পিছিয়ে নেই। এই আসনে জামায়াত ইসলাম তাদের অবস্থান শক্ত করতে তৎপর ছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৬ সংসদীয় আসনে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন চরমোনাই হাড্ডাহাড্ডি লড়াই করেছে। জুলাই পরবর্তী ৫ই আগস্টের পর বিএনপি ও জামায়াতে ইসলামীর এক প্রকার দ্বিমুখী ভোট যুদ্ধের প্রচার-প্রচারণাই ছিল লক্ষণীয়। কিন্তুু জামায়াত জোটের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের আসন ভাগাভাগির ঐক্যের টানাপোড়নে হঠাৎ করে ত্রিমুখী ভোট যুদ্ধে রূপ নেয় এই আসনটি।

বর্তমানে বরিশাল ৬ বাকেরগঞ্জ আসনটি থেকে গুরুত্বপূর্ণ তিন রাজনৈতিক দলের প্রচার-প্রচারণা শেষে ভোট যুদ্ধে কে বিজয়ী হবেন, তা নিয়ে ধারণা করছেন নির্বাচন বিশ্লেষকরা। তারা মনে করেন, বরিশাল বাকেরগঞ্জ ০৬ আসনের জামায়াত ইসলামের ভোটবাক্সে দাঁড়িপাল্লা প্রতীকে মহিলাদের ভোট বেশি পড়বে।

ভোটযুদ্ধে বিজয়ের জন্য আশাবাদী তিন প্রার্থী হলেন— বিএনপির বরিশাল দক্ষিণ জেলা আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান, জামায়াতে ইসলামীর বরিশাল জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম (শায়েখ চরমোনাই)।

বিগত নির্বাচনে এই আসনটিতে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সংসদ সদস্য ছিলেন। তবে এবারের নির্বাচনে নিজেদের আয়ত্তে নিতে জামায়াতে ইসলামী বাংলাদেশের কর্মীরা দীর্ঘ সময় উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ভোটারদের কাছে প্রচার-প্রচারণায় তৎপর ছিলেন।

জামায়াতে ইসলামী (দাঁড়িপাল্লা) দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে পরিবর্তনের রাজনীতির বার্তা দিয়ে ভোটারদের মনোযোগ আকর্ষণ করেছেন। বাকেরগঞ্জ ৬ আসনের প্রত্যন্ত অঞ্চলের অধিকাংশ ভোটারের সঙ্গে আলোচনা করে দেখা যায়, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজব্যবস্থা পেতে তারা আগ্রহী। এমন প্রার্থী তারা নির্বাচিত করতে চান, যিনি সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত বাকেরগঞ্জ জনগণকে উপহার দেবেন।

বাকেরগঞ্জের এই আসনটিতে ভোটের লড়াই জমেছে মূলত বিএনপি ও জামায়াতে ইসলামের মধ্যে। বিএনপি এই আসনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করে ভোটারদের দ্বারপ্রান্তে গিয়েছেন ভোট পাওয়ার জন্য।

ইতিমধ্যে হিন্দু ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান— সকলের মন কেড়ে নিয়েছে জামায়াত। বিগত সরকার দলের পরিবর্তন হলেই হিন্দুদের ওপর চাঁদাবাজি সহ নানান জুলুম ও অত্যাচার হয়েছে। হিন্দুরা নিজেদের রক্ষার জন্য এবারের নির্বাচনে ভোল পাল্টাচ্ছে। অপরদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও হিন্দু সম্প্রদায়ের ভোট ব্যাংক টার্গেট করে ব্যাপক প্রচার-প্রচারণা করা হয়েছে, যেখানে হিন্দুদের সার্বিক নিরাপত্তা সহ সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে।

১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই বাকেরগঞ্জের আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৫৯৭ জন। এদের মধ্যে পুরুষ ১,৬০,০৫৫ জন, মহিলা ১,৫৫,৫৩৮ জন। ভোটের সমীকরণে দেখা যায়, মহিলাদের বেশিরভাগ ভোট দাঁড়িপাল্লা প্রতীকে যাবে বলে মনে করেন নির্বাচন বিশ্লেষকরা।

Advertisement

Link copied!