নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৬ নং ইউনিয়নের বনগাঁও চান্দল গ্রামে দীর্ঘ ২২ বছর ধরে ব্যবহৃত একটি ঈদগাহকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও বিরোধের সৃষ্টি হয়েছে। প্রায় ১০০টি পরিবার যেখানে নিয়মিত ঈদের নামাজ আদায় করে আসছিলেন, হঠাৎ করে সেখানে বাধা, হুমকি ও হয়রানির অভিযোগ উঠেছে একটি পরিবারের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি খাস খতিয়ানের অন্তর্ভুক্ত ওই জায়গাটি দীর্ঘদিন আগে ইব্রাহিম নামের এক ব্যক্তির দখলে ছিল। প্রায় ২২ বছর আগে গ্রামবাসী তার কাছ থেকে ৭ হাজার টাকার বিনিময়ে দখল বুঝে নিয়ে সেখানে ঈদগাহ নির্মাণ করেন। এরপর থেকেই এলাকাবাসী নিয়মিতভাবে সেখানে ঈদের নামাজ আদায় করে আসছেন।
সম্প্রতি পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে এলাকাবাসী ঈদগাহের ভেতরে থাকা গাছপালা পরিষ্কার করে চারপাশে ইটের দেয়াল নির্মাণের সিদ্ধান্ত নেন। তবে এ সময় ঐ গ্রামের মৃত পেসকারের ছেলে ইব্রাহিম এবং তার তিন ছেলে সবুজ, সাগর ও তারেক এই কাজে বাধা প্রদান করেন।
অভিযোগ রয়েছে, তারা শুধু নির্মাণ কাজে বাধা দেননি, বরং ভবিষ্যতে ঈদের নামাজ আদায় না করার জন্য নিষেধও করেছেন । এছাড়াও থানায় অভিযোগ দায়ের করে গ্রামবাসীকে বিভিন্নভাবে হয়রানি করারও অভিযোগ উঠেছে।
এ বিষয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা ২২ বছর ধরে এখানে শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করে আসছি। জায়গাটি সরকারি খাস জমি হওয়ায় আমরা নিয়ম মেনে পত্তনের জন্য আবেদন প্রক্রিয়াও চালিয়ে যাচ্ছি। একটি পরিবার হঠাৎ করে বাধা সৃষ্টি করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তারা আরও বলেন, এটি কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, একটি ধর্মীয় প্রতিষ্ঠান। এখানে বাধা দেওয়া সম্পূর্ণ অন্যায় ও অযৌক্তিক। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা চাই।
অভিযুক্তদের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মুঠোফোন বন্ধ থাকায় কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নিয়ামতপুর থানার এএসআই নাজমুল বলেন, সরকারি জায়গা হলেও ধর্মীয় কার্যক্রমে কোনো বাধা দেওয়ার নিয়ম নেই। গ্রামবাসীরা সরকারি নিয়ম অনুযায়ী ভূমি অফিস থেকে কাগজপত্র সংগ্রহ করলে কোনো সমস্যা হবে না।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রেজাউল করিম জানান, দু’পক্ষকে নোটিশ দিয়ে ডেকে শান্তিপূর্ণ সমাধান করা হবে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল, যাতে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং ধর্মীয় পরিবেশ স্বাভাবিক থাকে।
আপনার মতামত লিখুন :