জয়পুরহাট জেলা সদরের গুলশানমোড় ও খঞ্জনপুর এলাকায় দুটি গ্যাস সিলিন্ডারের দোকানে গ্যাস বিক্রয়ের লাইসেন্স না থাকায় দুই ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল জয়পুরহাট জেলার সদরের বিভিন্ন এলাকায় গ্যাস সিলিন্ডারের দোকানে গ্যাস বিক্রয়ের লাইসেন্স না থাকার বিষয়টি নিয়ে অনুসন্ধান চালিয়ে সত্যতা পায়। এ অবস্থায় বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশন দল সদর উপজেলার গুলশান মোড় এবং খঞ্জনপুর এলাকায় গ্যাস সিলিন্ডারের দোকানে অভিযান চালায়। এ সময় গ্যাস সিলিন্ডার বিক্রি করার লাইসেন্স না থাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় খঞ্জনপুর এলাকার দোকান মালিক মোঃ জহুরুল (৪০) কে ৫ হাজার টাকা ও গুলশান মোড় এলাকার দোকান মালিক মোঃ আনিছুর (৫০) কেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস।
জরিমানাকৃত অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়েছে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :