ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ রতন মুন্সী (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুর। বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা টোল প্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টা থেকে টোল প্লাজা এলাকায় অবস্থান নেয় অধিদপ্তরের একটি টিম। পরে সকাল ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী এসকে পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে বাসের একটি আসনে বসা রতন মুন্সীকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ৩টি প্যাকেটে মোট ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিকভাবে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে মাদক ব্যবসায়ী হিসেবে স্বীকার করেন। তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে গাঁজা এনে ভাঙ্গা ও নগরকান্দা সদরপুর উপজেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন বলে জানিয়েছেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী ২০২০) এর সংশ্লিষ্ট ধারায় ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, "আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"
আপনার মতামত লিখুন :