গাবতলীতে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, ঘাতক ছেলে শিপন গ্রেপ্তার

আহসান হাবিব শিবলু , গাবতলী (বগুড়া) সংবাদদাতা

প্রকাশিত: ০৯ এপ্রিল, ২০২৬, ০৮:২৫ পিএম

বগুড়ার গাবতলী উপজেলায় মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘাতক ছেলে শিপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০৯ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ২টা ১০ মিনিটে গাবতলী মডেল থানাধীন বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোঃ নজরুল ইসলাম ওরফে নজু (৪৫) প্রতিদিনের মতো রাতের খাবার শেষে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সময় মাদকাসক্ত শিপন নেশার টাকার জন্য ‌পিতা নজরুল ইসলাম লজু'র‌‌ সাথে ঘরের মধ্যে বাকবিতন্ডায় জড়িয়ে পরে। 

একপর্যায়ে শিপন লাঠি দিয়ে তার পিতার মাথায় আঘাত করে গুরুতর আহত করে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনার পরপরই গাবতলী মডেল থানার ওসি রাকিব হোসেনের নেতৃত্বে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে
একই এলাকার মালিয়াডাঙ্গা গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে ঘাতক শিপনকে গ্রেপ্তার করা হয়। ওসি রাকিব হোসেন জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আমরা দ্রুত অভিযান পরিচালনা করি এবং আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Link copied!