গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নে "ক্রীড়াই শক্তি, স্রষ্টাই সর্বশক্তিমান, ক্রীড়াই বল" প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (বালক/বালিকা) এর ইউনিয়ন পর্যায়ের খেলা।
এই টুর্নামেন্টে বর্নি ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। খেলায় অংশগ্রহণকারী বালক ও বালিকা দলগুলো তাদের অসাধারণ নৈপুণ্য, শৃঙ্খলা ও ক্রীড়া মনোভাব প্রদর্শন করে উপস্থিত দর্শকদের মন জয় করে নেয়। বর্নি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়সমূহ এই আয়োজন করে। পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। মাঠজুড়ে ছিল দর্শকদের ভিড়, শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছ্বাস এবং শিক্ষকদের আন্তরিক সহযোগিতা।
এ সময়ে উপস্থিত ছিলেন বর্নি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবির। ফুটবল খেলা পরিচালনা করেন ১১ নং দক্ষিণ বর্নি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুর রহমান ও এটিএম সাইফুল ইসলাম (রাজু), জিটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকরা উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন। বক্তারা বলেন, শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। শেষে বিজয়ী ও রানারআপ দলকে পুরস্কার প্রদান করা হয়। খেলাকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। আয়োজকদের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
আপনার মতামত লিখুন :