আসন্ন ৬ নং চকমিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে এলাকায় বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। এরই মধ্যে চকমিরপুর ইউনিয়নকে একটি আদর্শ ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন বিশিষ্ট সমাজসেবক এবং সাবেক সেনা সদস্য মো: মিলন হোসেন।
তার এই প্রার্থিতা ঘোষণার পর থেকেই চকমিরপুরের সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা ও ইতিবাচক সাড়া দেখা গেছে। দেশসেবার গৌরবময় অধ্যায় শেষ করে এবার অবহেলিত চকমিরপুর ইউনিয়নের সামগ্রিক উন্নয়নে নিজেকে নিয়োজিত করতে চান তিনি।
একান্ত সাক্ষাৎকারে মো: মিলন হোসেন বলেন, "সেনাবাহিনীতে সততা ও শৃঙ্খলার সাথে দেশসেবা করার যে শিক্ষা আমি পেয়েছি, তা এবার আমার নিজ ইউনিয়ন চকমিরপুরের মানুষের কল্যাণে কাজে লাগাতে চাই। চকমিরপুরকে আমি একটি আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত স্মার্ট ইউনিয়ন হিসেবে রূপান্তর করতে প্রতিশ্রুতিবদ্ধ।"
প্রার্থিতা ঘোষণার পর থেকেই তিনি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে, গ্রাম ও পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও গণসংযোগ শুরু করেছেন। এলাকার প্রবীণ ব্যক্তিত্ব, যুবসমাজ এবং সাধারণ ভোটারদের সাথে মতবিনিময়কালে তিনি ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তরুণদের জন্য কর্মসংস্থান ও ক্রীড়ামুখী পরিবেশ তৈরির আশ্বাস দেন।
স্থানীয় ভোটাররা জানান, একজন সাবেক সেনা সদস্য হিসেবে মো: মিলন হোসেনের সততা, সময়ানুবর্তিতা এবং সুশৃঙ্খল জীবনযাপন চকমিরপুরের নেতৃত্বে এক নতুন মাত্রা যোগ করবে। সমাজসেবায় তার পূর্বের অবদান এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে সাধারণ মানুষ তাকে একজন যোগ্য সেবক হিসেবে দেখছেন।
আসন্ন নির্বাচনে চকমিরপুর ইউনিয়নের পরিবর্তনের প্রতীক হিসেবে মো: মিলন হোসেন সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :