মৌলভীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট, ৩৮১ যানবাহন আটক

অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মৌলভীবাজার জেলা পুলিশ জেলার গুরুত্বপূর্ণ ও কৌশলগত বিভিন্ন স্থানে বিশেষ চেকপোস্ট কার্যক্রম জোরদার করেছে। গত ১০ মে ২০২৬ থেকে শুরু হওয়া এ কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো: জিল্‌লুর রহমান-এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন-এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা। জেলা পুলিশের থানা পুলিশ, ট্রাফিক বিভাগ ও ডিবি পুলিশের সমন্বয়ে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে এ চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিশেষ এ অভিযানের অংশ হিসেবে যানবাহনে নিয়মিত তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তি শনাক্তকরণ ও যাচাই-বাছাই করা হচ্ছে। পাশাপাশি অবৈধ যান চলাচল, মাদক পরিবহন, অপরাধমূলক কর্মকাণ্ড ও সড়কে বিশৃঙ্খলা প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

জেলা পুলিশ জানায়, এ পর্যন্ত অভিযানে মোট ৩৮১টি যানবাহন আটক করা হয়েছে। এছাড়া হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহন পরিচালনা, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোসহ বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২৬৭টি মামলা রুজু করা হয়েছে।

অভিযানের আওতায় ১০ মে থেকে ১৮ মে পর্যন্ত মোট ১৫ লাখ ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে ১০ লাখ ৫৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জননিরাপত্তা নিশ্চিতকরণ, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

Link copied!