মানিকগঞ্জে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’ শুরু

মোঃ জাহাঙ্গীর আলম , স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯ মে, ২০২৬, ০৮:৫৭ পিএম

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং মানিকগঞ্জ জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে জেলায় তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ শুরু হয়েছে। জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সারাদেশে একযোগে এই মেলার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি দেশব্যাপী এই ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

মানিকগঞ্জ জেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মাদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মহরম আলী, সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাসরিন এবং সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুন।

এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সেবাপ্রার্থীসহ সর্বস্তরের নাগরিকরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, জনগণকে সম্পূর্ণ হয়রানিমুক্ত ও দ্রুততম সময়ে ভূমিসেবা নিশ্চিত করতেই এই মেলার আয়োজন। মেলায় ই-নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর (খাজনা), অনলাইন ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবা ও পরামর্শ সরাসরি সাধারণ মানুষকে প্রদান করা হচ্ছে। মেলাটি আগামী ২১ মে পর্যন্ত চলবে।

Advertisement

Link copied!