"জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ" এই প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে তিন দিনব্যাপী “ভূমি সেবা মেলা-২০২৬” উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন, শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে রঙিন বেলুন উড়িয়ে ও লাল ফিতা কেটে ভূমি সেবা মেলা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইয়াসিন খন্দকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাত হোসেন শাহ আলম, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) মোবারক হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমানসহ সহকারী ভূমি কর্মকর্তাগণ, স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ভূমি সেবা গ্রহীতারা।
মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়। এছাড়া অনলাইনে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর প্রদানসহ আধুনিক ভূমি সেবার বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে সরকার বিভিন্ন ডিজিটাল কার্যক্রম বাস্তবায়ন করছে। এ ধরনের মেলার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং ভূমি সেবা গ্রহণে ভোগান্তি কমবে বলে তারা আশা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :