সুনামগঞ্জের তাহিরপুরে ৫২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় গ্রামবাসী। মঙ্গলবার বিকেলে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কোনাটছড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে নগদ ২৯ হাজার ২১০ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্তবর্তী পশ্চিম পুরান লাউড় গ্রামের মৃত শাহেদ আলীর ছেলে মো. শফিক মিয়া (৩২), একই ইউনিয়নের ঘাগড়া গ্রামের মৃত আশিক মিয়ার ছেলে মো. মনির হোসেন (৩৫) এবং কোনাটছড়া গ্রামের জালাল মিয়ার ছেলে মো. রউফ মিয়া (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে কোনাটছড়া গ্রামের তোতা মিয়া পাথর মিলের সামনে তিন ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। পরে খবর পেয়ে বাদাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নাজমুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে তাদের দেহ তল্লাশি করেন।
তল্লাশিকালে আটক ব্যক্তিদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২৯ হাজার ২১০ টাকা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতির আগেই জড়িত জালাল ও রহমত আলী নামে আরও দুই ব্যক্তি পালিয়ে যান বলে জানিয়েছে স্থানীয়রা।
বাদাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নাজমুল ইসলাম বলেন, আটক তিনজনকে থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতকদের আটকের চেষ্টা চলছে।
সীমান্তঘেঁষা তাহিরপুর এলাকায় মাদক বিস্তার নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিনের উদ্বেগ রয়েছে। সচেতন মহল বলছে, গ্রামবাসীর এমন উদ্যোগ মাদকবিরোধী সামাজিক প্রতিরোধে ইতিবাচক বার্তা।
আপনার মতামত লিখুন :