ভৈরবে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে মাদক কারবারি আটক

জয়নাল আবেদীন রিটন , ভৈরব প্রতিনিধি

প্রকাশিত: ১৯ মে, ২০২৬, ০৮:৫০ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে অভিনব কায়দায় ১ হাজার ৯শ ৮০ পিস ইয়াবা পাচারকালে সাগর হোসেন (৫৮) নামে মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভৈরব কার্যালয়ের সদস্যরা।

আজ মঙ্গলবার (১৯ মে) বিকাল প্রায় সাড়ে ৩টার সময় তাকে পৌর শহরের দুর্জয় মোড়, নুরানী ড্রাই ক্লিনার লন্ড্রীর সামনে থেকে তাকে আটক করা হয়। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউরা থানাধীন রাধানগর বণিকপাড়া এলাকার মৃত আমানুল্লাহর ছেলে। সে বর্তমানে জগন্নাথপুর ভুট্টু মিয়ার বাড়ির একটি ভাড়া বাসায় বসবাস করে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর একটি লিখিত বক্তব্যে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুর্জয় মোড় নুরানী ড্রাই ক্লিনার লন্ড্রি সংলগ্ন এলাকা থেকে সাগর হোসেনকে আটক করা হয়। 

পরে তার দেহ তল্লাশি করে ডান পায়ের ঊরুতে এ্যাংলেট মোজার ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত ১ হাজার ৯ শ ৮০ পিস ইয়াবা উদ্ধার সহ জব্দ করে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আসামি সাগর হোসেনের বিরুদ্ধে ভৈরব থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের ব্যবস্থা চলমান রয়েছে। 

Link copied!