টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসানের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. সাব্বির রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং সেবাগ্রহীতারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের ডিজিটাল উদ্যোগের ফলে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার গতি বৃদ্ধি পেয়েছে। এখন অনলাইনের মাধ্যমে মানুষ সহজেই বিভিন্ন ভূমিসেবা গ্রহণ করতে পারছেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান বলেন, ভূমিসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। ডিজিটাল পদ্ধতির কারণে সেবাগ্রহীতাদের ভোগান্তি কমেছে এবং দ্রুত সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, ভূমিসেবা মেলার মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে এ আয়োজন।
অনুষ্ঠান শেষে ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা বিষয়ে উপস্থিত সেবাগ্রহীতাদের অবহিত করা হয়।
আপনার মতামত লিখুন :