“জনবান্ধব অটোমেটেড ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই স্লোগানকে সামনে রেখে জনগণকে ডিজিটাল ভূমিসেবার সঙ্গে পরিচিত করা এবং প্রান্তিক পর্যায়ে সহজ, স্বচ্ছ ও জনবান্ধব সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মানিকগঞ্জের সিংগাইরে শুরু হয়েছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”।
মঙ্গলবার (১৯ মে) উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়, যা চলবে আগামী ২১ মে পর্যন্ত। উদ্বোধন শেষে উপজেলা মিলনায়তনে এক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্ত।
তিনি বলেন, “জমি সংক্রান্ত বিরোধের কারণে অনেক সময় ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব ও সংঘর্ষের ঘটনাও ঘটে। ডিজিটাল ভূমিসেবার মাধ্যমে মানুষ তাদের প্রাপ্য অধিকার সহজে ও সঠিকভাবে পাবে। জমি সংক্রান্ত বিষয়ে অসংখ্য মামলা-মোকদ্দমা হয়, তাই এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।”
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হবেল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন থানার পুলিশ পরিদর্শক মাজহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মফতেজুর রহমান খান বিবেক, সাব-রেজিস্ট্রার মোছা. মাহমুদা খাতুন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ, সেটেলমেন্ট অফিসার শান্তি চাকমা এবং সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মো. মোবারক হোসেন, সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.রকিবুল হাসান বিশ্বাস,সহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সাধারণ মানুষের কাছে সহজ ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়া, ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল সেবার ব্যবহার বৃদ্ধি এবং নাগরিকদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, অনলাইন ভূমিসেবা এবং অন্যান্য ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য ও পরামর্শ প্রদান করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :