জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত ম্যাডামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে এ সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মামুন রেজা ও সাধারণ সম্পাদক শেখ শাহিন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্টাফ রিপোর্টার মোহাম্মদ পরশ। অনুষ্ঠানে সাংবাদিকতার মাধ্যমে সমাজের অসঙ্গতি, অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সাহসী ভূমিকা রাখার পাশাপাশি প্রশাসনের সঙ্গে গণমাধ্যমের ইতিবাচক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।
জেলা প্রশাসক হুরে জান্নাত ম্যাডাম সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, সমাজ উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও জনস্বার্থে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে থেকে অপরাধবিরোধী সাংবাদিকতা এগিয়ে নিতে সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :