কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির রাজনীতি সাধারণ মানুষের কল্যাণকে কেন্দ্র করেই পরিচালিত হয়। সেই লক্ষ্য থেকেই কৃষকদের সহায়তায় খাল পুনঃখনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের জন্য বিশেষ আর্থিক সহায়তাও চালু করা হবে।
শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজারে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি কোদাল দিয়ে মাটি কেটে আনুষ্ঠানিকভাবে পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন।
তারেক রহমান বলেন, বিএনপি সবসময় দেশের খেটে খাওয়া মানুষের উন্নয়নের কথা চিন্তা করে। তিনি উল্লেখ করেন, নির্বাচনের আগে কৃষকদের বীজ ও কীটনাশক কেনার জন্য এককালীন আড়াই হাজার টাকা সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কৃষক কার্ডের মাধ্যমে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে বলেও তিনি জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মোট জনসংখ্যার বড় অংশই গ্রামীণ ও শ্রমজীবী মানুষ। তাদের জীবনমান উন্নয়ন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়। একই সঙ্গে নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নারীদের জন্য বিনামূল্যে শিক্ষার যে সুযোগ সৃষ্টি করেছিলেন, বর্তমান সরকার তা আরও সম্প্রসারণ করেছে।
তিনি জানান, এখন নারীদের জন্য স্নাতক ও ডিগ্রি পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে তারা উচ্চশিক্ষা অর্জনে উৎসাহিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান কাজলসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্থান থেকে কোদাল হাতে পাতলী খাল খনন কার্যক্রমের সূচনা করেছিলেন, ঠিক সেই স্থান থেকেই তার পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান পুনঃখনন কাজের উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে তিনি সেখানে একটি গাছের চারা রোপণ করেন।
আপনার মতামত লিখুন :