গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩২ নম্বর ওয়ার্ডের ডেগেরচালা ফকির মার্কেটে অবস্থিত মেট্রিক্স স্টাইল লিমিটেড কারখানার ৬ষ্ঠ তলার একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, শনিবার (১৩ জুন) সকাল পৌনে ১০টার দিকে কারখানার ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন তারা। তবে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরে ভোগড়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে দ্রুত উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু হয়।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. মামুন জানান, সকাল ১০টা ৫ মিনিটে ভোগড়া ফায়ার স্টেশনের থেকে তারা অগ্নিকাণ্ডের খবর পান। খবর পাওয়ার পর ভোগড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। যেহেতু এটি একটি শিল্পকারখানার আগুন এবং ভবনের ৬ষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়েছিল, তাই পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে আরও তিনটি ইউনিট পাঠানো হয়।
তিনি বলেন, ৬ষ্ঠ তলায় শিল্প কারখয়নার দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। ঘন ধোঁয়া ও তীব্র তাপের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার ফাইটাররা কাজ করেছেন। চারটি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় সকাল ১১টা ৩০ মিনিটের মধ্যে আগুনের বিস্তার রোধ করা সম্ভব হয় এতে সময় লাগে প্রায় ১ঘন্টা ১৫ মিনিট এবং পরে সকাল ১১টা ৫০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।”
তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে ও নিরাপত্তা রক্ষায় গাছা থানার পুলিশ এবং স্থানীয় জনগণের সহযোগিতা ছিল প্রশংসনীয়। তাদের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিতভাবে বলা যাবে।”
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :