শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণায় শাহজাহান মোড়ল

রুহুল আমিন সুজন , স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ০৪:০৯ পিএম

গাজীপুরের শ্রীপুরে আসন্ন ৪নং তেলিহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচার শুরু করেছেন মোঃ শাহজাহান মোড়ল। তিনি বর্তমানে তেলিহাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং দলটির সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

নির্বাচনী ইশতেহারে তিনি একটি উন্নত, আধুনিক ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তার প্রধান প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে মাদক ও কিশোর গ্যাং নির্মূল করে একটি নিরাপদ সমাজ গঠন, সকল নাগরিক সেবা ‘ওয়ান-স্টপ সার্ভিস’-এর মাধ্যমে হয়রানিহীনভাবে প্রদান এবং অসহায় ও দরিদ্র মানুষের জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।

এছাড়াও, বেকার যুবকদের জন্য কারিগরি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, স্থানীয় শিল্প-কারখানায় কর্মসংস্থান, রাস্তা ও ড্রেন ব্যবস্থার উন্নয়ন এবং নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তিনি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতি মাসে গণশুনানি এবং পরিষদের আয়-ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশ করার অঙ্গীকারও করেছেন এই প্রার্থী।

ব্যক্তিগত জীবনে ১ ছেলে ও ১ মেয়ের বাবা শাহজাহান মোড়ল জানিয়েছেন, তিনি অতীতে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। তার বাবার নাম মৃত মো: আ: খালেক মোড়ল। রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুবাদে তার বিরুদ্ধে অতীতে অনেক মামলা হলেও বর্তমানে ৪টি মামলা চলমান ছিল, যা তদন্তে মিথ্যা প্রমাণিত হওয়ায় মামলাগুলো থেকে তিনি অব্যাহতি পান।

তেলিহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী হলে তিনি দলীয় ও সামাজিক বিভেদ ভুলে, সকল শ্রেণি-পেশার মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি মানুষের জন্য রাজনীতি করেন এবং মানুষের বিপদে সবার কাছে ছুটে যাবেন বলে আশা ব্যক্ত করেন।

Link copied!