গাজীপুর মহানগরীর ৩৩ নম্বর ওয়ার্ডে গাছা থানা রোড এলাকায় অভিযান পরিচালনা করেছে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ (গাউক)। অভিযানে ইমারত নির্মাণ আইন লঙ্ঘন এবং সড়কে নির্মাণ সামগ্রী ফেলে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে পাঁচ ভবন মালিককে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৬জুন) পরিচালিত এ অভিযানে দেখা যায়, কয়েকজন ভবন মালিক সড়কে নির্মাণ সামগ্রী ফেলে রেখে এবং প্রয়োজনীয় নিয়ম-কানুন অনুসরণ না করে ভবন নির্মাণকাজ পরিচালনা করছেন। এ অপরাধে ইমারত নির্মাণ আইন, ১৯৫২ এর ৩(৫) ধারায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
জরিমানাপ্রাপ্ত ভবন মালিকরা হলেন— আসাদ (১০ হাজার টাকা), আক্তার হোসেন (২৫ হাজার টাকা), মজিবুর রহমান (৩৫ হাজার টাকা), কুদ্দুস মাস্টার (৫ হাজার টাকা) এবং রবিউল আলম (১৫ হাজার টাকা)।
এ সময় ভবন মালিকরা অভিযোগ করে বলেন, আমরা রাস্তায় জায়গা দিয়েছি, ভবনের সামনে ও জায়গা রেখেছি একটু ইটা বালু রাখেছি যানবাহন চলাচলে কোন বাধা হয় নাই তবুও আইনের প্রতি শ্রদ্ধা রেখে এ জরিমানা দিয়েছি।
এছাড়া, অনুমোদন ও বিধি-বিধান না মেনে অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে পাঁচজনের ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। গাউক চেয়ারম্যানের নির্দেশনায় অভিযানটি পরিচালনা করেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান মাহমুদুল হক।
তিনি জানান, নগর পরিকল্পনা ও নির্মাণ বিধিমালা অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :