মদ ও সিগারেটের মতো জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্যের ওপর কর বৃদ্ধিকে ঘিরে বিরোধী দলের সমালোচনার কড়া জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ ধরনের সমালোচনা উদ্দেশ্যপ্রণোদিত এবং তা প্রমাণ করে যে বিরোধীদের মূল লক্ষ্য জনগণের কল্যাণ নয়, বরং বিভ্রান্তি সৃষ্টি করা।
শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী-মাছুয়াখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন। খালটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, চলতি বাজেটে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় সহনীয় রাখতে নিত্যপ্রয়োজনীয় প্রায় ৬০টি পণ্যের ওপর কর কমানো হয়েছে। একই সঙ্গে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মদ ও সিগারেটের ওপর কর বৃদ্ধি করা হয়েছে, যা সরকারের নীতিগত ও দায়িত্বশীল সিদ্ধান্ত।
তিনি আরও বলেন, সরকার দেশের উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অতীতে যারা উন্নয়নের পথে বাধা সৃষ্টি করেছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে এবং ভবিষ্যতেও করবে।
খাল পুনঃখনন প্রকল্পের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, প্রায় অর্ধশতক আগে জিয়াউর রহমান এই খাল খননের উদ্যোগ নিয়েছিলেন। পুনঃখনন সম্পন্ন হলে প্রায় ৪০ হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন। এছাড়া ১ হাজার ২০০ হেক্টর জমিতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং প্রায় ৮ হাজার ৫০০ কৃষক সেচ সুবিধার আওতায় আসবেন।
কৃষি খাতে সরকারের বিশেষ উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। তারেক রহমান জানান, আগামী এক বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ৮ থেকে ১০ হাজার কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে তারা সহজে সরকারি সহায়তা ও বিভিন্ন কৃষিসেবা গ্রহণ করতে পারেন।
আপনার মতামত লিখুন :