কক্সবাজার সফরে গিয়ে এক ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালিয়ে বিমানবন্দর থেকে হিলটপ সার্কিট হাউসের উদ্দেশে রওনা হন তিনি।
শনিবার (১৩ জুন) সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এরপর চালকের আসনে বসে নিজেই গাড়ি চালিয়ে গন্তব্যের পথে যাত্রা করেন তিনি।
প্রধানমন্ত্রীর এ সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কক্সবাজার পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমেই পাতলী খাল এলাকায় গিয়ে পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সেখানে আয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, “মেয়েদের জন্য শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে। পাশাপাশি অসচ্ছল নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হয়েছে। এবারের বাজেটে সাধারণ মানুষের কথা বিবেচনা করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে এবং অনেক পণ্যকে ভ্যাটমুক্ত রাখা হয়েছে।”
তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে মানুষের জীবনমানের উন্নয়ন, শিক্ষার প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।
দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করবেন। এছাড়া মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
সফরের অংশ হিসেবে পেকুয়া উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ এক শিক্ষার্থীর কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করারও কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
বিকেলে তিনি জেলা পর্যায়ের এক জনসভায় অংশ নেবেন। পরে মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত পরিদর্শনের পাশাপাশি সন্ধ্যায় লং বিচ হোটেলে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেবেন।
বৃক্ষরোপণ, খাল পুনঃখননসহ বিভিন্ন কর্মসূচি শেষে রাতে বিমানে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
উল্লেখ্য, দীর্ঘ দেড় দশকের বেশি সময় লন্ডনে অবস্থানের পর গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এ বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম কক্সবাজার সফর।
আপনার মতামত লিখুন :