রণক্ষেত্র আদিতমারী, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ০৬:৪৬ পিএম

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় ৭ বছর বয়সী শিশু নন্দিনী কান্ত রায় হত্যার ঘটনায় ভয়াবহ সহিংসতা ও মব হামলার ঘটনা ঘটেছে। বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধারের পর সন্দেহভাজন এক যুবককে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা এক পর্যায়ে রণক্ষেত্রে রূপ নেয়।

স্থানীয় সূত্র জানায়, গত ১৫ জুন বিকেল থেকে নিখোঁজ ছিল শিশু নন্দিনী। পরদিন সকালে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে সন্দেহজনক মাটি দেখে খোঁজ শুরু করলে সেখানে গর্ত খুঁড়ে বস্তাবন্দি অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে।

সন্দেহের ভিত্তিতে একই গ্রামের বিধান চন্দ্র রায় (২২) নামের এক যুবকের বাড়িতে স্থানীয়রা হামলা চালায় এবং তাকে আটক করে। পরে পুলিশ তাকে হেফাজতে নিলে বিক্ষুব্ধ জনতা ‘নিজেরা বিচার করবে’ দাবি তুলে মব সৃষ্টি করে পুলিশের ওপর হামলা চালায় এবং তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জেলা পুলিশ সুপার, থানার ওসি, ডিবি পুলিশ, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গেলে তারাও অবরুদ্ধ হয়ে পড়েন। পরে জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হলেও প্রায় তিন ঘণ্টা ধরে তারা অবরুদ্ধ অবস্থায় থাকেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করলে ধীরে ধীরে জনতা ছত্রভঙ্গ হয়। এরপর অভিযুক্ত বিধান ও তার বাবাকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে আইনশৃঙ্খলা বাহিনী।

সংঘর্ষ ও ইট-পাটকেল নিক্ষেপে পুলিশ সুপার, থানার ওসি এবং আরও অন্তত ২০ জন আহত হন। পাশাপাশি জেলা প্রশাসকের গাড়িসহ মোট সাতটি সরকারি যানবাহন ভাঙচুর করা হয়।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, শিশুহত্যা ও আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেওয়ার ঘটনায় পৃথক মামলা করা হয়েছে এবং অভিযুক্তদের আটক রাখা হয়েছে। প্রশাসন ঘটনার পূর্ণ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়েছে।

Link copied!