পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা-র শাপলেজা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভুয়া চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে এক ব্যক্তি ও তার সহযোগীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাপলা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন। অভিযানে চিকিৎসক পরিচয়ে অবৈধভাবে চিকিৎসাসেবা প্রদানকারী মোহাম্মদ আবু হুরায়রা এবং তার সহযোগী মো. মনিরুল ইসলামকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বরগুনার ফুলঝুরি এলাকার বাসিন্দা মোহাম্মদ আবু হুরায়রা দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় নিবন্ধন ও বৈধ কাগজপত্র ছাড়া চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। এ সময় তার সহযোগী হিসেবে দায়িত্বরত মো. মনিরুল ইসলামকেও আটক করা হয়।
পরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী উভয়কে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ বলেন, সাধারণ মানুষকে চিকিৎসা গ্রহণের আগে সংশ্লিষ্ট চিকিৎসকের নিবন্ধন ও যোগ্যতা যাচাই করা উচিত। জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :