সপ্তম বারের মতো মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন সিংগাইর থানার চৌকস পুলিশ সদস্য এএসআই মো. শরীফ হোসাইন। একই সঙ্গে তিনি জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবেও স্বীকৃতি পেয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন) মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ এএসআই ও ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে তার হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) সাদিয়া সাবরিনা চৌধুরী, সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলামসহ জেলার বিভিন্ন থানার ওসি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এএসআই মো. শরীফ হোসাইন সিংগাইর থানায় যোগদানের পর থেকেই গ্রেপ্তারি পরোয়ানা তামিল, আসামি গ্রেফতার, মাদক উদ্ধার, ইভটিজিং প্রতিরোধ ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার এসব পেশাগত দক্ষতা ও সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনি একাধিকবার জেলার শ্রেষ্ঠ এএসআই ও ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন।
এ বিষয়ে এএসআই মো. শরীফ হোসাইন বলেন, ভালো কাজের স্বীকৃতি পেলে যেমন আনন্দিত হই, তেমনি দায়িত্ববোধও আরও বেড়ে যায়। এটি ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগায়। আমি সব সময় চেষ্টা করি আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে।
তিনি আরও বলেন, আমার এই সফলতার পেছনে পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ, ওসি মো. মাজহারুল ইসলাম, ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাকসহ থানার সকল পুলিশ সদস্যের অবদান রয়েছে। আমি সবার প্রতি কৃতজ্ঞ।
আপনার মতামত লিখুন :